বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশকে খাটো করছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াডোনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে বের হতে পারবে না, সিপিডির গবেষণায় এমন তথ্য এসেছে, এটি কতটুকু যৌক্তিক? এ প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শোনেন, ওরাতো শুধু বিদেশ, বিদেশ, বলে কথা বলে। তাই আমরা বিদেশিদের মন্তব্য নিয়ে কথা বলি। তাদের গবেষণা কী ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ে চেতা? চেতা নাকি?’
তিনি বলেন, বাংলাদেশে কি ছিল ১৯৭২ সালে? শুধু বক্তব্য দিয়ে দিলেই হবে না। ৩ মিলিয়ন ডলারের রপ্তানি ছিল, এখন তা ৩০ বিলিয়ন। ৩শ কোটি টাকাও রিজার্র্ভ ছিল না। এখন ২২ বিলিয়নের বেশি। আগামী ২ তিন বছরের মধ্যে ২৫ বিলিয়ন হয়ে যাবে। আমাদের দেশের সবকয়টি সূচক ভালো সঙ্কেত দিচ্ছে।’
বাংলাদেশের সাফল্যের বিরোধীতা করার পেছনে তাদের উদ্দেশ্য রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কারণ হলো আমরা তুলে ধরছি বাংলাদেশকে। বাংলাদেশ এই হবে, আর এটার বিরোধীতা করতে হবে না! সে জন্য তারা বলেছে এটা হবে না, যাতে বিদেশে আমাদের ইমেজ ক্ষুন্ন হয়। আমি এ গবেষণা সংস্থার প্রধান ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমি জিজ্ঞেস করেছি, আপনি শুধু খারাপ দিকটাই দেখেছেন, কোন কি ভালো দিক নেই বাংলাদেশের।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ যেখানে যাই সবাই বলে বাংলাদেশ একটি মিরাক্কল, আসলেইতো বাংলাদেশ একটা বিস্ময়। আমি বাংলাদেশের নাগরিক আর আমার কাজ বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা। যেই মুহূর্তে আমরা বাংলাদেশকে তুলে ধরেছি, যে মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে প্রশংসা করতে শুরু করেছে, সে মুহূর্তে একটা গবেষণা প্রতিষ্ঠান কতগুলো নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে।’
জেএ





