আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে ৫ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫ বিলিয়ন ডলার, এবং আইএমএফ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার ক্রয়—এই দুটি কারণেই রিজার্ভ বেড়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ প্রায় ৩২ বিলিয়নের কাছাকাছি এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ২ বিলিয়নের বেশি মার্কিন ডলার কিনেছে। সর্বশেষ ৯ অক্টোবর অনুষ্ঠিত নিলামে ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ ডলার কেনা হয়। প্রতিটি ডলারের বিনিময় হার ছিল ১২১.৮০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম (Multiple Price Auction) পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

এদিকে, রেমিট্যান্স প্রবাহেও দেখা দিয়েছে আশাব্যঞ্জক প্রবৃদ্ধি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৩৯ কোটি বা ৮.৩৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ৭৩৩ কোটি বা ৭.৩৩ বিলিয়ন ডলার। ফলে রেমিট্যান্সের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪.৪ শতাংশ।

অক্টোবরের প্রথম আট দিনেই দেশে এসেছে ৮০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

এনএইচ