প্রচণ্ড গরমে আরামদায়ক যাতায়াত কাঠামোতে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত টাটার বাস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টাটা এলপি-৯০৯ এই বাসটির ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির সচিব মো. শওকত আলী, টাটা মটরসরে কান্ট্রি হেড মুকুল মানিশ, বরিশাল চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর মানিক।
এসময় জানানো হয়, এলপি-৯০৯ এসি বাসে ৩ হাজার ৭ শ ৮৩ সিসি এবং ৯০ হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে। এই বাসে এসির জন্য রয়েছে বিশেষভাবে তৈরি আলাদা ইঞ্জিন পাশাপাশি বসার জন্য আরামদায়ক ব্যবস্থা রয়েছে। এছাড়াও জরুরি অবস্থায় বাস থেকে বের হওয়ার জন্য জানালা এবং গ্লাস খোলার যন্ত্র রয়েছে বাসটিতে।
এতে মোট ৩৬ জন যাত্রী বসতে পারবেন। গাড়িটি এক লিটার তেলে সর্বোচ্চ ৭ কিলোমিটার পর্যন্ত চলবে। আর তেল ধারন ক্ষমতা ১৬০ লিটার।
জেআই





