রাষ্ট্রায়ত্ত বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ফের হ্যাকিংয়ের শিকার হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় থেকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বুধবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা হ্যাকারের দখলে ছিল।
বুধবার সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় প্রচ্ছদপৃষ্ঠা দখল করে সেখানে নোটিস ঝুলিয়েছে হ্যাকার।
কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা দেখা যায়, ‘Hacked By K1nGnCa’। সেখানে হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন ‘Muslim Hacker’ নামে।
অবশ্য সকাল ১০টার দিকে সাইট আবার স্বাভাবিক চেহারায় ফিরে এসেছে।
এ বিষয়ে জানতে সোনালী ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক সর্দার নুরুল আমিন বলেন, ‘সকাল ১০টার দিকে সাইট স্বাভাবিক হয়েছে। ভেন্ডরকে ডেকেছি। আমাদের সাইট কীভাবে আরো নিরাপদ রাখা যায় সে ব্যবস্থা নেওয়া হবে।’
ওয়েবসাইট কিছু সময়ের জন্য ‘হ্যাকড’ থাকলেও ‘ব্যাংকিং ডেটা’ হেরফের হওয়ার আশঙ্কা নেই বলে আশস্ত করেন তিনি।
২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসাবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার লোপাট হয়।
গতবছর এক অনুষ্ঠানে ওই তথ্য প্রকাশ করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে ধুঁকতে থাকা রাষ্ট্রায়াত্ত ব্যাংকটির কয়েকটি শাখায় গত দুই বছরে সিঁদ কেটে চুরির ঘটনাও ঘটেছে।
এমকে





