সৌদি-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানি করতে সৌদি আরবের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আমু বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্ক আছে। বাংলাদেশের জনবল সৌদি আরবের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আব্দুল জলিল এ তথ্য জানান যে, সৌদি আরব সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশটির রাজধানী রিয়াদে বুধবার সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আল রাবিয়াহর সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান।

এ সময় আমির হোসেন আমু সৌদি আরবের শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের অনুরোধ জানান।

বৈঠকে উভয় দেশের শিল্পমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রস্তাবিত সৌদি উন্নয়ন তহবিলের আওতায় বাংলাদেশের শিল্পখাতে সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

জবাবে সৌদি শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই এ চুক্তি সম্পাদন করা হবে। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলেও শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করেন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীসহ বাংলাদেশ দূতাবাস এবং সৌদি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআইএস।