বুধবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ৮ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা।

মেলার আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিভিশন ম্যানেজমেন্ট সার্ভিস (সিইএমএস) নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির গ্রুপ ম্যানেজার নুরুল এন ইসলাম জানান, ১৮ জুন থেকে এ মেলা শুরু হয়ে চলবে আগামী ২২ জুন পর্যন্ত। মেলার উদ্বোধন করা হবে ১৮ জুন দুপুর ১টায়।  প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০ টাকা।

তিনি আরও জানান, মেলায় মোট ১১২টি স্টল থাকছে। যেখানে এখনও পর্যন্ত এশিয়ার তিনটি দেশের পণ্য প্রদর্শন করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রদর্শণী পণ্যের মধ্যে প্রধানত থাকছে ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্য, খাদ্যসামগ্রী, কসমেটিকস, জুয়েলারি এবং ফ্যাশন পণ্য।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ