দুই সপ্তাহের ব্যবধানে আজ থেকে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
২২, ২১, ১৮ ক্যারেট ও সানতন পদ্ধতিতে স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।
শনিবার (০৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায়। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।
আগামীকাল রোববার (৫ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৩ হাজার ১৩ টাকা। এখন দাম রয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা।
এছাড়াও ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।
এর আগে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর কথা বলেছিল সংগঠনটি।
এমবি





