বিত্তবানদের যাকাত প্রদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যৌথভাবে আয়োজিত “যাকাতের সম্ভাবনাময় সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিকভাবে যাকাত ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, দারিদ্র বিমোচন, সমাজের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে যাকাত ফান্ডের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি যাকাত কার্যক্রম ও যাকাত বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি নিকটস্থ আত্বীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে যাকাত বিতরনের উপর জোরারোপ করেন। তিনি আরোও বলেন, যাকাতের অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে বন্টন করা সম্ভব হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সম্ভব।
ডিসিসিআই ফাউন্ডেশন এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, সমাজের দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ্-তায়লা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। তিনি পরিকল্পিত উপায়ে যাকাত সংগ্রহ ও বিতরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজ থেকে দারিদ্র বিমোচনের জন্য বিত্তবান সম্প্রদায়কে যাকাত প্রদানের আহবান জানান।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সিইও ড. মোঃ আইয়ুব মিয়া দারিদ্র বিমোচনে যাকাতকে পরিকল্পিত ভাবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, সিজেডএম ইতোমধ্যে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, জরুরী চিকিৎসা ও মানবিক খাতে সহায়তা প্রদান, গরীব বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সিজেডএম বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভাবে যাকাত ব্যবস্থাপনা করে থাকে।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি, চট্রগ্রাম (আইআইইউসি)-এর এসোসিয়েট প্রফেসর মাওলানা মোখতার হোসেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





