বেসরকারি আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে লুৎফর রহমান বাদলকে অপসারণ করেছে কেন্দ্রিয় ব্যাংক। ব্যাংকটিতে সালমান এফ রহমান নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সদস্যের পাশাপাশি নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন বাদল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদলকে অপসারণের চিঠি অনুমোদন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
জনস্বার্থ ও আমানতকারীদের স্বার্থ বিবেচনা ও যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৮(১) ধারার আওতায় তাকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবারই গভর্নর আতিউর রহমান স্বাক্ষরিত চিঠি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও কোম্পানি সচিবের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে আইএফআইসি ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জয়দেবপুর থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক মহামান্য আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে আইএফআইসি ব্যাংকের পরিচালক লুৎফর রহমানের বিরুদ্ধে নাশকতা ছড়ানো ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অর্থ সরবারহের অভিযোগ (১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) বা ২৫(ঘ) ধারার অপরাধ) পুলিশের তদন্তে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এমন ব্যক্তি ব্যাংকের পরিচালনা পর্ষদে অধিষ্ঠিত থাকায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া লুৎফর রহমান নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ব্যাংকের ১৮টি পর্ষদ সভার কোনোটিতে তিনি অংশগ্রহণ করেননি। তার অনুপস্থিতি কারণে ২০১৪ সালের ১৪ নভেম্বর থেকে আজ পর্যন্ত ব্যাংকটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। ব্যাংকের পর্ষদ ও নির্বাহী কমিটিতে কার্যকর ভূমিকা পালনে বাদলের ব্যর্থতার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি ২০০৭ সালের অক্টোবর থেকে ২০১০ সাল পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাদল বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভির পরিচালক।এছাড়া ২০১২ সালের নভেম্বর থেকে নেপাল বাংলাদেশ ব্যাংকের (এনবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।
এআই





