আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় বাংলাদেশের বাজারেও আরেক দফা কমেছে সোনার দাম। একই সঙ্গে রূপার দামও কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সোনার দাম আরও কমতে পারে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) জানিয়েছে, আজ শুক্রবার থেকে ভালো মানের প্রতি ভরি সোনায় এবার দাম কমানো হয়েছে ১২০০ টাকা। বাজুসের নির্বাহী কমিটির সভায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দর অনেক কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। তিনি বলেন, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৬০ ডলার কমেছে।

এ ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহে দাম আরেক দফা কমানো হবে। হরতাল থাকায় এবং বিয়েসহ অন্যান্য উৎসব কম থাকায় সোনার বাজারে ‘খুবই মন্দা’ চলছে। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, দাম কমানোয় ক্রেতারা আকৃষ্ট হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১২০০ টাকা কমিয়ে ৪৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের সোনার দাম প্রায় দেড় হাজার টাকা কমিয়ে ৪৫ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এবার সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১০৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৯ টাকা করা হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ৪৪ হাজার ৫২১ টাকা (প্রতি গ্রাম ৩ হাজার ৮১৭ টাকা), ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ধরা হয়েছে ৩৫ হাজার ৭৭৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমিয়ে প্রতি ভরি করা হয়েছে ২৪ হাজার ৮৬ টাকা।

এআর