অবশেষে শরীয়তপুরের আলু চাষিদের মুখে হাসি ফুটেছে। মৌসুমের শুরুতে মণপ্রতি ২শ’ থেকে ২১০ টাকা আলু বিক্রি করে কিছুটা বিপাকে ছিল কৃষক। তবে মৌসুমের মাঝামঝি এসে মণপ্রতি ৩শ’ থেকে ৩৫০ টাকা দাম পাওয়ায় তারা এখন বেশ লাভবান। শরীয়তপুরে এবার আলুর ফলনও হয়েছে ভালো।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, জেলায় এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭শ’ ৮২ হেক্টর ধরা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার হেক্টর জমিতে ৭ হাজার ১শ’ ২৮ জন কৃষক আলু আবাদ করেছেন। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৫ হাজার ৩২ মেট্রিক টন ধরা হলেও ভালো ফলন হওয়ায় ৬০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তারা।
আলু উত্তোলন শুরুর সময় বাজার মূল্য কম থাকায় কৃষক বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তবে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে অধিকাংশ কৃষকই তাদের আলু বিক্রি না কারে বেশী দামের আশায় রেখে দিয়েছিল। বর্তমানে মৌসুমের মাঝামাঝি এসে দাম বেড়ে এখন ৩শ’ থেকে ৩৫০ টাকা মণপ্রতি দাম পেয়ে এখন কৃষক বেশ লাভবান হচ্ছেন।
আলু আবাদ করতে কৃষকের বিঘাপ্রতি খরচ হয়েছিল ২০ থেকে ২৫ টাকা। বর্তমান বাজার অনুযায়ী বিঘাপ্রতি আয় হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তবে এ দাম আরও বেড়ে ৪শ’ টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছে কৃষক ও স্থানীয় কৃষি বিভাগ। (সূত্র: বাসস)
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]