আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনা।
ঢাকা চেম্বার, মেট্টোপলিটন চেম্বার এবং বাংলাদেশ চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই আলোচনা শুরু করবে এনবিআর। পর্যায়ক্রমে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মাসব্যাপী আলোচনা হবে যা চলবে আগামী ৪ মে পর্যন্ত।
আগামী অর্থবছরের জাতীয় বাজেটে শুল্ক ও কর সংক্রান্ত বিষয়ে মোট ২১টি খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে এনবিআর।
রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সব বৈঠকেই সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এছাড়াও সকল বিভাগীয় শহরেও একটি করে মতবিনিময় সভা হবে।
বরাবরের মতো এবারও জুন মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জানা গেছে, নতুন বাজেটের আকার চার লাখ ২০ হাজার কোটি টাকার মতো হতে পারে।
এমএনজে





