মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্কে বিকাশের মাধ্যমে মোবাইলে আর্থিক লেনদেন সেবা চালু করেছে বিকাশ। ফলে এখন থেকে টেলিটক গ্রাহকরা বিকাশে অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন করতে পারবেন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় প্রতিমন্ত্রী নিজের টেলিটক সিমে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন করেন।
এর আগে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলসহ দেশের সব জিএসএম মোবাইল অপারেটরের নেটওয়ার্কে বিকাশ যুক্ত ছিল। এখন থেকে এই সেবা যুক্ত হলো টেলিটকে।
তারানা হালিম বলেন, দেশের দরিদ্র ও ব্যাংকিং সেবাবহির্ভূত বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিকাশ। টেলিটকে বিকাশসেবা চালু এই আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নেবে।
এআইজে





