চলতি অর্থবছরের শেষ সময়ে এসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেয়া বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের জুলাই থেকে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত ব্যাংকিং খাত থেকে নেয়া সরকারের ঋণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৯২ কোটি টাকা।
আলোচ্য সময়ে কেন্দ্রীয় ব্যাংককে ১৪ হাজার ৯৯৫ কোটি টাকা ঋণ পরিশোধ করায় সরকারের নিট ঋণ নেয়ার পরিমাণ সাত হাজার ১৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। মে মাস শেষেও নিট ঋণের পরিমাণ ছিল চার হাজার ২৬২ কোটি টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে নিট ঋণ দুই হাজার ৮৮৫ কোটি টাকা বেড়েছে।
তবে সার্বিকভাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ গ্রহণ কমেছে। আগের অর্থবছরের এ সময়ে নিট ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১৫ হাজার ৪১১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুনের মাঝামাঝি সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ৯৮ হাজার ৬৭০ কোটি টাকা, যা গত জুন শেষে ছিল ৭৬ হাজার ৫৭৮ কোটি ১৮ লাখ টাকা। সে হিসেবে ব্যাংকগুলো থেকে ঋণ নেয়ার পরিমাণ ২৩ হাজার ৮৯২ কোটি ৩৪ লাখ টাকা বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে ব্যাংকিং খাত থেকে সরকারের নিট ঋণ রয়েছে সাত হাজার ১৪৭ কোটি সাত লাখ টাকা। ওই
সময় পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকার ঋণ নিয়েছে এক লাখ ১৪ হাজার ৯৬২ কোটি টাকা, যা গত অর্থবছর শেষে ছিল এক লাখ সাত হাজার ৭৭ কোটি টাকা।
অলোচ্য সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়ার বদলে উল্টো ধার শোধ করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের পাওনা হিসেবে ১৪ হাজার ৯৯৫ কোটি ৬৭ লাখ টাকার ঋণ সরকার পরিশোধ করেছে।
হিসাব অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে ২৪ হাজার ৭৭৬ কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার, যা গত অর্থবছরের বাজেটে ২৩ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।
সে হিসেবে সরকার ব্যাংকব্যবস্থা থেকে লক্ষ্যমাত্রার দুই হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ব্যাংকব্যবস্থা থেকে সরকার ৩১ হাজার ২২১ কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর





