রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়োজিত প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বুধবার প্রাক-বাজেট আলোচনায় কাগজ, মুদ্রন ও প্রকাশনার সঙ্গে জড়িত অ্যাসোসিয়েশনগুলো তাদের প্রস্তাবনা উত্থাপন করেছেন। প্রস্তাবনাগুলোর মধ্যে বাংলাদেশ বিজ্ঞাপন অ্যাসোসিয়েশন পক্ষ থেকে তাদের ১০ শতাংশ মূল্য সংযোজন কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
প্রাক বাজেট প্রস্তাবনার উপর প্রথম দিনের আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন এর সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ বিজ্ঞাপন এসোসিয়েশনের পক্ষ থেকে মূল্য সংযোজন কর এ সার্টিফিকেশন করা থেকে অব্যাহতি দেওয়া, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে পাঠাগারের জন্য অনুদান দেয়া, আয়কর বাতিল এবং মুদ্রনের কাগজ শুল্ক মুক্ত করার আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশ পেপার মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেমিক্যালকে শুল্কমুক্ত করার আহ্বান জানান। বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পান্ডুলিপি আমদানির ওপর শুল্ক আরোপ, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ৫ বছরের জন্য সব ধরণের শুল্ক মওকুফ, সাময়িকি প্রকাশনা সমিতির পক্ষ থেকে পাঠাগার নির্মানের বিনিয়োগ করমুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সিএনজি কনভার্সন প্ল্যান্ট ও রিফুয়েলিং প্ল্যান্টের ওপর মূসক ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসেশন ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটির পক্ষ থেকে উত্থাপিত অন্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- মিনিমাম ট্যাক্স ০.৫০ শতাংশ কর প্রদান না করা, এআইটি ও এটিভির ওপর আরোপিত ৩-৫ শতাংশ কর প্রত্যাহার করা।
অনুষ্ঠানে অন্যান্য অ্যাসোসিয়েশনের দেওয়া প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সুইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেলের ওপর ১৫ শতাংশ থেকে ভ্যাট কমিয়ে ৬ শতাংশ করা এবং কারখানার উৎপাদনকে শুল্কমুক্ত করা, বাংলাদেশ সোলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইনকাম ট্যাক্স ২৭.৪৬ থেকে কমিয়ে ৫ শতাংশ করা এবং আমদানী শুল্ক প্রত্যাহার করা।
এ সময় এনবিআর চেয়ারম্যান সবার প্রস্তাবনা গ্রহণ করেন। তারপরও কারও কোন প্রস্তাবনায় সংশোধনী থাকলে এফবিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আপনারা এ একমাস এফবিসিসিআইএর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন যাতে আপনাদের প্রস্তাবনাগুলো কতটা গৃহীত হচ্ছে তা জানতে পারেন।’
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]