বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্যদের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ কে বাংলাদেশ স্নল ইন্ডাষ্ট্রিজ এন্ড কমার্স (বেসিক) ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্যদের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

একই সাথে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্যদের বর্তমান চেয়ারম্যানের পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

প্রসঙ্গত: ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন আলাউদ্দিন এ মজিদ ।

প্রজ্ঞপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (৬) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের আলোকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া হলো।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ. মজিদকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

ঋণ কেলেংকারির মুখে গত শুক্রবার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। রোববার জারি করা আরেক প্রজ্ঞাপনে তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার কথা জানানো হয়।

সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঋণ বিতরণ ও নিয়োগ পদোন্নতিতে অনিয়মের দায়ে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও অপসারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, আলাউদ্দিন এ. মজিদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদায় কৃষি অর্থনীতিবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর