দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ‘নারী উদ্যোক্তা সহায়তা ডেস্ক’ স্থাপনের দাবি করা হয়েছে। রোববার এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সংশ্লিষ্ট ও পরিচালনা বিষয়ক কর্মশালায় বক্তারা এ দাবি করেন।
কর্মশালায় বক্তারা বলেন, সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার সহযোগিতা ও তৎপরতায় বিগত এক দশকে বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে দেশের মোট উদ্যোক্তার প্রায় ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে।  উন্নত দেশসমূহে এই হার প্রায় ২৫ শতাংশ বলে জানান তারা।
বক্তারা আরো বলেন যে, দেশের ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, বিএসটিআই সার্টিফিকেট প্রাপ্তি, পেটেন্ট ও ট্রেডমার্ক প্রাপ্তি, জাতীয় ও আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ, ব্যবসায়িক পরামর্শ, উন্নত প্রযুক্তির ব্যবহার, ইত্যাদি সেবাসমূহ আরও সুলভ করা গেলে দেশে নারী উদ্যোক্তা বৃদ্ধির হার কাঙ্খিত মাত্রায় আনা সম্ভবপর হবে। সংশ্লিষ্ট সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অধিকতর ফলপ্রসূ সেবা প্রদানের লক্ষ্যে ‘নারী উদ্যোক্তা সহায়তা ডেস্ক’ স্থাপন এবং পরিচালনা করা বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মোঃ ইহসানুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ফারজানা খান, রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর পরিচালক মোহাঃ আব্দুর রৌফ, বাংলাদেশ ষ্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এর উপ-পরিচালক শামীম আরা বেগম. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন।
কর্মশালায় ইপিবি, বিএসটিআই, বিসিএসআইআর, ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন ও বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ড এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নেতৃস্থানীয় নারী উদ্যোক্তা এবং এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]