বাজারে চিনির মূল্য স্থিতিশীল রাখতে রিফাইনারি মালিকদের সহযোগিতা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সরকারের সাথে পাল্লা দিয়ে মূল্য কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সমতা আনতে সরকার অতিরিক্ত শুল্কারোপ করবে। প্রয়োজনে সরকার নিজেই ’র’ সুগার আমদানি করে পরিশোধিত চিনি উৎপাদনের উদ্যোগ নেবে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী আজ রোববার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে “রপ্তানি বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, যারা সত্যিকার অর্থে ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত, কেবল তারাই ব্যবসা করা উচিত। অতীতে অব্যবসায়িরা ব্যবসার নামে অনৈতিক কাজ করে দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্থ করেছে। তিনি রপ্তানি বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি পণ্যের গুণগত মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন সনদ অর্জনের ওপর গুরুত্ব দেন।
তিনি রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও নতুন গন্তব্যে পণ্য রপ্তানি বাড়াতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে অ্যাক্রেডিটেশন বিষয়ক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।
অনুষ্ঠানে বক্তারা সরকারি-বেসরসকারি যৌথ অংশীদারিত্বে দেশেই অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগার স্থাপনের পরামর্শ দেন। তারা বলেন, এর ফলে বিএসটিআই পরিচালিত ল্যাবরেটরিগুলোর ওপর পরীক্ষণের চাপ কমে আসবে। এ উদ্যোগ পণ্যের মান পরীক্ষাখাতে সময় ও অর্থের সাশ্রয় করে রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ডিসিসিআই’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্ব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সদস্য ইঞ্জিনিয়ার এম. লিয়াকত আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর মহাপরিচালক ম. আবু আবদুল্লাহ, বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিসিসিআই’র সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক হুমায়ুন রশীদ, আলহাজ্ব আব্দুস সালাম আলোচনায় অংশ নেন।
পরে মন্ত্রী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) প্রকাশিত ’অ্যাক্রেডিটেশন হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন করেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
চিনির বাজার অস্থিতিশীল করলেই অতিরিক্ত শুল্কারোপ করবে সরকার
বাজারে চিনির মূল্য স্থিতিশীল রাখতে রিফাইনারি মালিকদের সহযোগিতা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সরকারের সাথে পাল্লা দিয়ে মূল্য কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সমতা আনতে সরকার অতিরিক্ত শুল্কারোপ করবে।





