দীর্ঘ ৪১ বছর পেড়িয়ে গেলেও তাঁর জানা ছিল না আলফান্সো আম ভারতের শ্রেষ্ঠ। কলকাতায় টি-২০ বিশ্ব কাপের নাইট রাইডারদের যখন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইডেন স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে নাইট রাইডারদের উপহার দিলেন নানা সামগ্রী। ওই তালিকায় প্রথমেই ছিল আলফান্সো আম। এ খবর পত্রিকায় পড়ে অবাক হলেন আলহাজ জাহাঙ্গীর আলম। এ জাতের আমের গাছ তাঁর বাগানে এখন ১০০টি।
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও নওগাঁ সাহানাবাগের কর্ণধার আলহাজ জাহাঙ্গীর আলম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় আমি ভারতে যাই। এরপর ১৯৭৩ সালে কলকাতা বেড়াতে গিয়ে অপরিচিত নামের আলফান্সো আমগাছের একটি কলম কিনে আনি। সেই গাছ বড় হলে তার থেকে কলম কেটে আমি আমার আমবাগানে অন্য জাতের আমের সঙ্গে তা রোপন করতে থাকি। বর্তমানে আমার বাগানে ১০০টি আলফান্সো আমগাছ রয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, এ আমের স্বাদের কারণে তিনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের পশ্চিমবঙ্গে যে আলফান্সো আমকে এত গুরুত্ব দেওয়া হয়- তা তিনি পত্রিকায় পড়ে জানতে পারেন। তিনি জানান, আলফান্সো আম পেকে গেলে হলুদ রং ধারণ করে। তবে আম যে খুব বড় তাও নয়। কিন্তু স্বাদে ও গন্ধে অতুলনীয়। বাংলাদেশের নওগাঁতে বাণিজ্যিকভাবে আলফান্সো আম উত্পাদন করছেন তিনি। তাঁর বাগান থেকে প্রতি কেজি আম ৮০/- টাকায় বিক্রি করছেন।
রাজশাহী ফল গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলীম উদ্দিন জানান, আলফান্সো আম অন্যান্য আমের মতই একটি জাত। তবে এর স্বাদের হয়তো ভিন্নতা থাকতে পারে। আমাদের দেশে বানিজ্যিকভাবে এর উত্পাদন শুরু হয়নি। নওগাঁয় এই আমের বাণিজ্যিক উত্পাদন শুরু হয়েছে এ বিষয়টি তার জানা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জানা নাই তবে অবশ্যই এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





