বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫১০৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫৪৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা বা ৩২.৮৩ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩২২ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৪.৫৬ শতাংশ।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে তিতাস গ্যাসের। দিনভর এ কোম্পানির ২৯ লাখ ৬০ হাজার শেয়ার ২৬ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির ২২ কোটি ৮০ লাখ, খুলনা পাওয়ারের ২১ কোটি ৭৯ লাখ, এবি ব্যাংকের ১৮ কোটি ৫২ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৮ কোটি ৩২ লাখ, গ্রামীণফোনের ১৮ কোটি ৯ লাখ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ১৬ কোটি ৪৭ লাখ, বেক্সিমকোর ১৬ কোটি ৪৬ লাখ, কেয়া কসমেটিকসের ১৬ কোটি ১৪ লাখ এবং এমজেএল বিডির ১৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিগত কয়েকদিনে প্রায় অর্ধ শতাধিক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া কয়েক ডজন কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। যেসব কোম্পানি ভালো লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলোর শেয়ার বিনিয়োগকারীদের অনেকে বেশি দরে কিনছেন।

আবার ভালো লভ্যাংশ পাবার আশায় বোর্ড সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলোর শেয়ার বেশি দরে কিনছেন অনেকে। মূলত: এসব কারণে বাজারে সূচক ও লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৪ লাখ টাকা।

আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯ লাখ টাকা।

ঢাকা, ৩০ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর