বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ভোলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগে যথেষ্ট আগ্রহী। কিন্তু বিনিয়োগ করার জন্য তারা জমি, অবকাঠামোগত সুবিধা ও গ্যাস চায়।’
তিনি বলেন, ‘সবদিক বিবেচনা করে ভোলা এখন বিনিয়োগের একটি আদর্শ জায়গা। এখানে জমি আছে, গ্যাস আছে ও বিদ্যুতেরও সুবিধা রয়েছে।
‘এ ছাড়া নৌপথে ভোলায় যোগাযোগের রয়েছে বিশেষ সুবিধা। এ সব কারণে ভোলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তৈরি পোশাক শিল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী তিন বছরে দেশের পোশাক শিল্পের চেহারাই বদলে যাবে। দেশের পোশাক কারখানা পরিদর্শন করে অ্যাকোর্ড ও অ্যালায়েন্স সন্তোষ প্রকাশ করেছে। বায়াররাও সন্তুষ্ট। আমাদের সমস্যা তিনটি। শ্রমিক নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা ও ভবন নিরাপত্তা। এ সব সমস্যা সমাধানে সময় লাগবে।’
তিনি আরও বলেন, জুলাইয়ে রফতানি কিছুটা কম হয়েছে, কিন্তু আগস্টে ৭ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন কোনো দেশকেই যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দিচ্ছে না। তবে যদি এটা রিনিউ করা হয় তাহলে বাংলাদেশের জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই।’
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





