বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করবে ভারত। ভিসার আবেদনে প্রয়োজনীয় তথ্য সন্তোষজনক হলে বাংলাদেশী ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী মাল্টিপোল ভিসা ইস্যু করা হবে।
সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিতে (এমসিসিআই) অনুষ্ঠিত সভায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার পঙ্কজ শরণ এ তথ্য জানিয়েছেন। এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে এমসিসিআই’র সাবেক সভাপতি লতিফুর রহমান, পরিচালক তাবিত আউয়াল মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পঙ্কজ শরণ বলেন, প্রকৃত আবেদনকারীরা যাতে সহজে ভারতের ভিসা পান সেজন্য একটি টেকনিক্যাল সমাধান খুঁজছি। ভিসা সহজীকরণের জন্য আরো সেন্টার করা হচ্ছে।  তিনি বলেন, বর্তমানে অফিসিয়াল ভিজিটের জন্য ভিসা প্রয়োজন হচ্ছে না। ফলে হাই কমিশনের কাজ অনেক কমে গেছে মন্তব্য করেন তিনি।
এসব হয়ে গেলে নন-অফিসিয়াল ভিসাও সহজ হয়ে যাবে বলে জানান তিনি। এছাড়া বিএসটিআই সার্টিফিকেশন মার্কস গ্রহণ করা হচ্ছে এবং আগামীতে অশুল্ক বাধাও দূর করা হবে বলেও ভারতীয় হাই-কমিশনার জানান।
তাবিত আউয়ালের এক প্রশ্নের জবাবে হাইকমশিনার বলেন, টেস্টিং একটি রিয়েল সমস্যা। এ সমস্যা সমাধানের জন্য সীমান্ত এলাকায় টেস্টিং সেন্টার স্থাপন করা হচ্ছে। এছাড়াও স্থল বন্ধরের অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।
লতিফুর রহমান উত্তর-পুর্ব ভারতে এলসি খোলা সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এলসি খোলার সময় ওই অঞ্চলের ব্যবসায়ীদের ভারতের রিজার্ভ ব্যাংকের অনুমোদন নিতে হয়। এতে সাধারণ এলসি প্রবাহ বাধাগ্রস্ত হয়।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]