নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জিত হবে না। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সোপানের পথ পিচ্ছিল হয়ে উঠবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শুক্রবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে বাজেট পরবর্তী পর্যালোচনা হয়। সেখানে সিপিডির বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির পক্ষে পর্যালোচনা পাঠ করেন। স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেন। এতে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮,৪৪৩ কোটি টাকা, যা জিডিপির ১২.১ শতাংশ। তাই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার একটা বড় অংশ অর্জিত হবে না বলে আশঙ্কা করছেন সংস্থাটি।
বাজেটের পর্যালোচনা করে বক্তারা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘প্রবৃদ্ধির সোপানে আরোহণের যে স্বপ্ন দেখিয়েছেন, তার বাস্তবায়ন কঠিন বলে মনে করে সিপিডি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সোপানের পথ পিচ্ছিল হয়ে উঠবে। তাই সোপানের পথটি মসৃণ করতে হবে বলে মত দেয় সংস্থাটি।
বাজেটের আকার নিয়ে সিপিডি চিন্তিত নয় জানিয়ে শিশু বাজেটকে এবারের বাজেটের সবচেয়ে উজ্জ্বল ও ভালো দিক হিসেবে উল্লেখ করেছেন। অন্য দিকে ঘোষণা ছাড়া জেলা বাজেট বাদ দেওয়া তাদের মতে বাজেটের সবচেয়ে অনুজ্জ্বল দিক হিসেবে তারা উল্লেখ করেন। বাজেটের বিভিন্ন খাতে পাঁচটি কমিশন গঠনেরও দাবি জানিয়েছে সিপিডি।
গতকাল জাতীয় বাজেট ২০১৫-১৬ ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কয়েক বছরের ধারাবাহিকতায় বাজেটের পরদিনই সিপিডি আজ তাদের পর্যালোচনা জানাল।
এবার বাজেটের আকার দুই লাখ ৯৫,১০০ কোটি টাকা। এবার প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা ৭ শতাংশ। আর রাজস্ব আদায়ের লক্ষ্যও উচ্চাভিলাষী। রাজস্ব আদায় বাড়াতে হবে ৩০.৬২ শতাংশ। অর্থাৎ, নতুন বছরে বেশি দিতে হবে ৪৫,০৭২ কোটি টাকার কর।
এমআর





