বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা বন্ধের পর আমাদের রপ্তানি থেমে থাকেনি। রপ্তানি বেড়েছে ২৭৩ মিলিয়ন ডলার। তবে আমরা কয়েকটি সীমিত পণ্যের ওপর নির্ভরশীল থাকতে চাই না।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকর এক্সপো-২০১৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী আসবাব শিল্প যাতে নগদ প্রণোদনা পায় সে বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে বলেন, ফার্নিচার ও হস্তশিল্পকে এগিয়ে নিতে নগদ সহায়তা প্রদান, একই সঙ্গে বাজার ও পণ্যের বহুমুখীকরণ করতে পারলে এ শিল্পকে অনেক বড় একটা শিল্পে পরিণত করা যাবে, যাতে করে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, পণ্যের উৎপাদন, নতুন বাজার সৃষ্টি, পণ্যের মান নির্ধারণ ও রিজোন্যাল ভ্যালু চেঞ্জ প্রভৃতি বিষয় নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।
এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের মান উন্নয়নে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে রফতানি উন্নয়ন ব্যুরোর সহ-সভাপতি শুভাশীস বসু বলেন, বাংলাদেশের জন্য ফার্নিচার একটি সম্ভাবনাময় শিল্প। প্রতি বছর প্রচুর পরিমাণ নতুন কর্মসংস্থানের প্রয়োজন হয়। এ শিল্পকে নতুন করে পরিকল্পনা মাফিক সাজালে ৫০ লাখ লোকের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতারা যাতে ফার্নিচার কারখানাগুলো ঘুরে দেখতে পারেন সে জন্য মেলায় সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ফার্নিচার শিল্পে বিদেশিদের সহায়তা পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ফার্নিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান, এফবিসিসিআইর সহ-সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, তিনদিন ব্যাপী এ মেলায় মোট ৫১টি স্টলে বাংলাদেশের আসবাব কোম্পানিগুলো তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করছে।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
জিএসপি বন্ধে রফতানি থেমে নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা বন্ধের পর আমাদের রপ্তানি থেমে থাকেনি। রপ্তানি বেড়েছে ২৭৩ মিলিয়ন ডলার। তবে আমরা কয়েকটি সীমিত পণ্যের ওপর নির্ভরশীল থাকতে চাই না।





