বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবন চত্তরে রোববার থেকে ৫ দিনব্যাপী বস্ত্রমেলা ২০১৪ ও প্রদর্শনী শুরু হয়েছে।
বস্ত্রমেলা-২০১৪ ও প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) নুরুল ইসলাম। এ সময় বিসিক পরিচালক পর্ষদের সদস্যবৃন্দসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধিতে বিসিকের এসব মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিসিক

দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা-সহায়তা প্রদান করে আসছে।
বিসিকের চেয়ারম্যান বলেন, বিসিক শহরাঞ্চলে বেকার নারীদের বস্ত্র খাতের উপর নানা ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের জন্য একটি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। যা

দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। কারণ উক্ত খাতের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন, আয়বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বিসিকের অন্যতম লক্ষ্য।  বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বাজার সৃষ্টির লক্ষে ঈদ ও পূঁজা উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বিভিন্ন ধরণের তৈরি পোশাক, তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, নকশীকাঁথা ও পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্যসামগ্রীর বিপুল সমারোহ ঘটেছে। বস্ত্রমেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদশর্নী।

মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পজাতপণ্যের ৪২টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর