ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে। এক কোটিরও বেশি শিশু শিক্ষার্থী আজ থেকে আবার ক্লাসে ফিরছে।

আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতেও এ ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী- জুনের শুরু থেকে ২১ দিনের লম্বা ছুটিতে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। গত ৩ জুন থেকে এ ছুটি শুরু হয়। এ ছুটি চলে ২৩ জুন পর্যন্ত। সেই হিসেবে গতকাল সোমবার ছুটি শেষ হয়েছে। আর আজ মঙ্গলবার ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে ১৩ জুন সরকারি-বেসরকারি কলেজগুলো এবং ২২ জুন মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে গেছে। মাদরাসাগুলো আগামী ২৬ জুন খুলবে।

করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের মাস্ক পরে বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

এনএইচ