নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার ছুটিতে শুক্রবার নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, দুর্ঘটনায় ওই পুলিশ সদস্যের পেটে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনা হলেও চিকিৎসা শুরুর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, হিটলার পূজার ছুটিতে বাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে পেছন থেকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটি বা এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএম