সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘোষণার পর আবাসিক হল ও মেস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিন্ডিকেট সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে ছাত্রলীগের নেতা উত্তম কুমার দাসকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা বসে। বেলা তিনটার দিকে উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের এ সভা শুরু হয়ে সোয়া পাঁচটার দিকে শেষ হয়।

এদিকে উত্তমকে কুপিয়ে জখম করার ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে হওয়ায় এ নিয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি অধিকতর তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে সিন্ডিকেট কমিটি। গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস ওই কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, প্রক্টর হিমাদ্রী শেখর রায়, সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার ও গোলাম কিবরিয়া।

এ ছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়নের জন্য রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনূছকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট আরও একটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট। এ কমিটির অপর সদস্যরা হলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নজরুল ইসলাম ও সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ ফারুক উদ্দিন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের এ ঘোষণার ফলে কার্যত দুর্গাপূজা ও ঈদুল আজহার আগে আর কোনো ক্লাস-পরীক্ষা হবে না। কারণ দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তাই ক্যাম্পাসের আবাসিক হল ও মেস ছেড়ে বাড়িতে যেতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী উত্তম কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

গতকাল রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ছাত্রলীগ গতকাল রাতে ও আজ সকালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছিল। এ ছাড়া ছাত্রলীগের ডাকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট চলছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ