ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ বহিরাগত ৩ শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে ইবি ছাত্রলীগ। পুলিশ তাদের আটক দেখিয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় টিএসসিসি এলাকায় এঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইবি শিক্ষার্থী রেদওয়ান ও তার তিন বন্ধু আবু ইসা, শামসুদ্দীন এবং আবু সাঈদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় আল ফিক্হ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রেদওয়ান নামে এক শিক্ষার্থী তার ৩ জন বন্ধুর সাথে ক্যাম্পাসে সাদ্দাম হোসেন হল এলাকায় ঘুরছিল। এসময় কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদের শিবির সন্দেহে আটকে রেখে মারধর করে। পরে টিএসসিসির একটি কক্ষে তাদের আটকে রেখে প্রক্টরের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর তাৎক্ষণিক শাখা ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও জুয়েল রানা হালিম সাংবাদিকদের বলেন, “তাদের চলাফেরা সন্দেহ জনক হওয়ায় তাদের আটক করে মারধর করে কর্মীরা। এসময় তাদের কাছে কিছু বই পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা তাদের পুলিশের কাছে সোপর্দ করেছি।”
এদিকে রাত সাড়ে ৭ টার দিকে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ ইবি প্রশাসন ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, “ইবি প্রশাসনের তথ্য মতে আমারা চার জনকে আটক কির। তাদের কাছে জিহাদী বই পাওয়া গেছে। এবং তাদের দখলে থাকা সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নাশকতা মূলক কর্মকান্ড করার পরিকল্পনা করছিল।”
সাইফুল্লাহ/এমবি





