বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীরা। সোমবার সকাল ৮টার আগেই হল ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে ভিড় জমাতে শুরু করেছে শিক্ষার্থীরা। হল ছেড়ে বাড়ি ফিরতে যানবাহনসহ বিভিন্ন সমস্যায় বিপাকে পড়েছে তারা।
জানা যায়, ছাত্র আন্দোলনের কারণে রোববার রাতে বিশ্বিবিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে সোমবার থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।  রাত ৯টায় এই নির্দেশের পর অনেক শিক্ষার্থী রাতেই আবাসিক হল ছেড়ে অন্যত্র চলে গেছে।
এদিকে সোমবার ভোর ৫টা থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করে। তারা হাতে ব্যাগ নিয়ে রিকশা ও অটো রিকশা যোগে ক্যাম্পাস থেকে বাইরে আসতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেল স্টেশন ঘুরে দেখা গেছে, একজন শিক্ষার্থী হাতে দুটি বা তারও বেশি ব্যাগ নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে আসে। বাড়ি ফিরতে বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেটে বাসের অপেক্ষায় ভোর থেকে অনেক শিক্ষার্থীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান টাইম নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে বিপাকে ফেলতেই সকাল ৮টায় হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। সকাল ১০টা থেকে হল ছাড়ার নির্দেশ দিলে আমাদের এতো দুর্ভোগ পোহাতে হতো না।
বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের এক আবাসিক ছাত্রী বলেন, বিভিন্ন বিভাগের বার্ষিক পরীক্ষা চলাকালে এভাবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মোটেও যৌক্তিক নয়। সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশেও আমাদের বিপাকে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশের পর পৌনে ৮টার পরে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম, নবাব আব্দুল লতিফ ও আমির আলী হলসহ বেশ কয়েকটি হলে সিলগালা করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার বিশ্ববিদ্যালয়ের সবধরনের বর্ধিত ফি বাতিল ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এসময় ৩০জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়। এ ঘটনার পর রোববার সন্ধ্যা সাতটার সময় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের সোমবার সকাল ৮টার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
[b]রাবি, ৩ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]