রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচটি আবাসিক হলে তল্লাশি করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ তল্লাশি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্ধ্যকোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে ধর্মঘটের সমর্থনে শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ভিতরে মিছিল বের করে। এসময় দুর্বৃত্তরা হলের বাহিরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনার কিছুক্ষণ পরেই হলে বহিরাগত রয়েছে এই তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের সহকারি কমিশনার প্রলয় চিচিমের নেতৃত্বে শাহ মখদুম হলে তল্লাশি করা হয়। এরপর যথাক্রমে নবাব আব্দুল লতিফ, শহীদ শামসুজ্জোহা, শহীদ সোহরাওয়ার্দী ও শহীদ হবিবুর রহমান হলে তল্লাশি চালায় পুলিশ।তবে পাঁচ হল থেকে একজন বহিরাগতকেও আটক করতে পারেনি।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে হল তল্লাশি চলাকালে রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রলীগের ২০ থেকে ২৫ নেতাকর্মীর সবার হাতে ও ব্যাগে অস্ত্র ছিল বলে জানা গেছে।তবে ক্যাম্পাসে ছাত্রলীগ অস্ত্র নিয়ে মিছিল করলেও পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো প্রকার বাধা দেয়নি।
বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, প্রশাসন ভবন ঘেরাও, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠকের পরেও কোন প্রকার সমঝোতায় না আসায় শিক্ষার্থীরা শনিবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয়।
[b]ঢাকা, ২ ফেব্রয়ারি (টাইমনিউজবিডি) // জেআই[/b]