দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি স্থগিত করা হয়েছে।

আজ (৩০ ডিসেম্বর) বুধবার অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গতকাল (২৯ ডিসেম্বর) মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় লটারি কার্যক্রম স্থগিত করা হলো। পরিবর্তীকালে লটারির তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে।

বিজ্ঞিপ্তির অনুলিপি সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। এবার করোনাভাইরাসের স্কুল বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার কথা বলা হয় এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনও নেওয়া হয়।

আজ ৩০ ডিসেম্বর সেই লটারি হওয়ার কথা ছিল। গত ২৫ নভেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান।

এমবি