রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ ।

এতে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র বাদল ও সমাজকল্যাণ দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশের নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, কলেজের অস্থায়ী কর্মপরিষদের ক্রীয়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নাকে মঙ্গলবার রাতে ছাত্রলীগের আরেকটি গ্রুপ কুপিয়ে জখম করে। ওই ঘটনার পরের দিন মুন্না বাদী হয়ে কোতয়ালি থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ নৈরাজ্যকর কর্মকাণ্ড বন্ধের প্রতিবাদ সংবলিত ব্যানার নিয়ে অস্থায়ী কর্ম পরিষদের (বাকসু) সাহিত্য সম্পাদক নুর আল আহাদ সাঈদীর নেতৃত্বে ২০-৩০ কর্মী ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম জানান, ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে ছাত্ররা মিছিল করতে চেয়েছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমই