রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের  হলুদ প্যানেল ও জামায়াত-বিএনপিপন্থীদের সাদা প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জানা যায়,বুধবার সকালে হলুদ প্যানেলের ১৫জন এবং সাদা প্যানেলের ১৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে হলুদ প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে  নির্বাচন করবেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হাসান মজুমদার ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক প্রণব কুমার পান্ডে।
এছাড়া ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আফরাউজ্জামান খান চৌধুরী ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক মোহাম্মদ আমীরুল ইসলাম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়বেন সাদা প্যানেলের পক্ষে।
তবে এবারের নির্বাচনে জামায়াতের কোন প্রার্থী না দিয়েই সাদা প্যানেল গঠন করায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপিপন্থীরা। ফলে প্রগতিশীল শিক্ষকরাও তাদেরকে ভোটের আশ্বাস দিচ্ছেন বলে জানা গেছে।
নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করে হলুদ প্যানেলের সভাপতি প্রার্থী কামরুল হাসান মজুমদার বলেন,শিক্ষকরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পূর্ণ সর্মথন দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা চাইছি গতবারের মতো এবারো এক হয়ে নির্বাচনে জয়ী হয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে  কাজ করে যাব।
সাদা প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আমীরুল ইসলাম বলেন,আমরা চাই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক বিষয়ে কার্যকরী ভুমিকা রাখুক। এতে করে শিক্ষকরা তাদের ভোট দিয়ে পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।  
নির্বাচন পরিচালক মো. সাইফুল ইসলাম জানান,নির্বাচনে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় যথাসময়ে নির্বাচন হবে। ইতোমধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিবার্চন অনুষ্টিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]