প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে রবিবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্বঘোষিত প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য এদিন দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে।

মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানান আন্দোলনকারীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

তিনি জানান, এখান থেকে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করতে যাবেন। কিন্তু পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফল বাতিল করে আবারও পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই গত ২৯ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।

এমআর