গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বাবলা এবং দুইজন কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিস্কার করেছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. ইলিয়াছ এক বিবৃতিতে এই তথ্য জানান।
বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, (১) এস এম তৌহিদ আল হোসেন (তুহিন), মাস্টার্স, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ, ও ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক (২) তন্ময় আনন্দ অভি, মাস্টার্স, ফিশারীজ বিভাগ ও ছাত্রলীগের সহ-সভাপতি এবং (৩) মামুন-অর-রশিদ, মাস্টার্স, ফিশারীজ বিভাগ।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাদের চূড়ান্ত বহিস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভিসির দফতরে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি, ছাত্রলীগকর্মী মামুন-অর-রশিদসহ ১০-১২ জন নেতাকর্মী।
এতে নেতৃত্বে দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন। তবে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগ তুহিনকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





