ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ দফা দাবি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।  

তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-ছাত্রদের ওপর হামলাকারীদের বিচার।

আজ (২৭ জানুয়ারি) রোববার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহম্মদের কাছে তারা এইসব দাবি লিখিত আকারে জমা দেন।

এই সময় পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক, মাহফুজ, বেলালী’সহ ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলোর মধ্যে আছে-

  •  সব শিক্ষার্থী যাতে নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে।
  •  কোনো রাজনৈতিক সংগঠন যাতে ক্যাম্পাসে সবার সহবস্থানে কোনো প্রকার বাধা সৃষ্টি না করতে পারে।
  •  সম্প্রতি যারা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  •  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আবাসিক শিক্ষার্থীরা যাতে কোনো প্রকারের নির্যাতন বা ভয়ভীতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে।
  • সর্বপুরি ডাকসুর নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু করার লক্ষ্যে তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

কোটা আন্দোলনকারীদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, আমাদের দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। ডাকসু নির্বাচনের আগে এই দাবি মানতে হবে। অন্যথায় এই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না। 

এমবি