ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে যাওয়ার সড়ক অবরোধ করেছেন।

রোববার বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় গণগ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে তাঁরা শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে যাওয়ার সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা জানাতে চান।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলামের ভাষ্য, আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশে রওনা হলে শাহবাগ মোড়ে তাঁদের থামিয়ে দেয়া হয়েছে। সড়ক অবরোধ তুলে নিতে তাঁদের সঙ্গে আলোচনা চলছে।

কেএইচ