অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড এবং টাইমস্কেল বাদ দেয়ার প্রতিবাদে সারাদেশে দু'দিনের কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজ শিক্ষকরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং রোববার একই সময়ে দেশের সব সরকারি কলেজ, সংশ্লিষ্ট শিক্ষা দফতর ও অধিদফতরের কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষক-কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, কলেজ শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির কারণে পিছিয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শনিবার ও রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দুদিন মাস্টার্সের একাধিক বিষয়ের পরীক্ষা ছিল বলে জানা গেছে।
এর আগে গত সপ্তাহে বিসিএস শিক্ষা সমিতির এক জরুরি সভায় এই কর্মসূচি নির্ধারণ করা হয়। অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পদ ‘অবনমন’সহ কয়েকটি দাবিতে কর্মবিরতির মতো কর্মসূচির ডাক দেন সরকারি কলেজ শিক্ষকরা।
অন্যদিকে, একই দাবিতে আন্দোলন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.nu.edu.bd/home/।
এআর





