ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ উদযাপন করতে যাচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে-২০১৪। এ উপলক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর, রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।
নবীনদেরকে বরণ করে নেয়া ও বিদীয়দেরকে সংবর্ধনা দিতে প্রতি বছর বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে নামে পরিচিত। নিয়মানুযায়ী এবার ৫ম ব্যাচে শিক্ষার্থীরা এটির আয়োজন করতে যাচ্ছে। তাদেরকে দিক-নির্দেশনা দিচ্ছেন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকরা।
এবারের অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ৫ম ব্যাচের শিক্ষার্থী হারুন অর রশীদ, আব্দুল ফাত্তাহ সাকি, আয়েশা নুসরাত জাহানসহ অন্যান্যরা।
এ বিষয় হারুন অর রশীদ বলেন, "প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। যাতে সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে একটা সু-সম্পর্ক সৃষ্টি হয়। নবীনরা বড় ভাই-আপুদের সঙ্গে সহজেই পরিচিত হতে পারে। ফলে পড়ালেখাসহ বিভিন্ন বিষয় তারা দিক নির্দেশনা পেতে পারে। যা বিশ্ববিদ্যালয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
আরেক শিক্ষার্থী আয়েশা নুসরাত জাহান বলেন, "আগামী রোববার হরতাল হলেও অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়নি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এটি অনুষ্ঠিত হবে।"
অনুষ্ঠান সূচি:
সকাল ১০টা থেকে ১টা: নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও প্রধান অতিথির ভাষণ।
বেলা ১টা থেকে ২.৩০টা: বিরতি ও দুপুরের খাবার।
বিকাল ২.৩০টা থেকে রাত ৮টা: সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





