কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস পরীক্ষা বুধবার থেকে আগামী ৯দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বলেন, ‘পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, আসন বিন্যাস ও পরীক্ষার রুম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বুধবার থেকে শুরু হবে।
ক্লাস পরীক্ষা চালু রেখে এগুলো করা সম্ভব নয়। তাই ভর্তি প্রক্রিয়ার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
জনসংযোগ অফিসের কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ইতিমধ্যেই যেসব বিভাগে ১৯ নভেম্বর ও ২০ নভেম্বর পরীক্ষার সিডিউল ঘোষণা করা হয়েছে তা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর হতে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে।
আগামী ২৩ নভেম্বর থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ২৭ নভেম্বর ভর্তি পরীক্ষা শেষ হবে।
এআর





