গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা মেহেদী হাসান নামের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়েছে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সূত্র জানান,মঙ্গলবার সন্ধ্যায় শহীদ সার্জেন্ট জহরুল হক হল শাখা ছাত্রলীগ নেতা বুলবুল,আরিফ এবং জগন্নাথ হলের ডালটন গাঁজা বিক্রি করছিলেন। মেহেদী এর প্রতিবাদ করেন। এ সময় ওই তিনজন মেহেদীকে দেখে নেওয়ার হুমকি দেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেদী উন্মুক্ত মঞ্চ এলাকায় পুনরায় গেলে ওই তিনজন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক কোপান। এতে মেহেদী ঘাড়ে, কোমরে এবং মাথায় জখম হন। সজিব নামে এসএম হলের অপর এক ছাত্র সামান্য আহত হন। পরে অন্যরা মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বুলবুল এবং আরিফ জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি রিফাত জামানের কর্মী এবং ডালটন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তবে ডালটন অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি বুধবার বিকালে খুলনা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন,বিষয়টা তিনি শুনেছেন। তবে কী বিষয়ে ঘটনাটা ঘটেছে তা তিনি জানেন না। বিস্তারিত জেনে ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন,গাঁজা বিক্রি নিয়ে তাদের মধ্যে সমস্যাটা হয়েছে। কারা গাঁজা বিক্রি করছিল সেটি নিশ্চিত নয়। তবে যারাই জড়িত থাকুক,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]