জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদের (‘বি’ ইউনিট) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

ওই দিন রাজধানীর ২৭টি কেন্দ্রে একযোগে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘বি’ ইউনিটে ৭১০টি আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান- ১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৭৫টি) বিপরীতে পঞ্চাশ হাজার পাঁচশ ৫১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অবশ্যই এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোনকৃত দু’কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র http://jnu.teletalk.com.bd অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে ডাউনলোড করা যাচ্ছে।

মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ডিভাইস ছাড়াও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে এমন কিছু পাওয়া গেলে ওই পরীক্ষার্থীকে বহিষ্কৃত করা হবে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর