বানিজ্যিক সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার পূর্ব ঘোষিত সমাবেশের যোগ দিতে সকাল ১১টার দিকে প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ হতে আগামীকাল বুধবার ক্লাস বর্জন ও সকাল ১১টা হতে ১টা পর্যন্ত প্রশাসন  ভবন অবরোধ কর্মসূচি ঘোষণাও করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়,‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারর সামনে থেকে সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত বেতন ফি বাতিলেসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
আধাঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সান্ধ্যকোর্স ও বর্ধিত ফি বিরোধী স্লোগানে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সহমত জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী। আর আন্দোলনে সহমত প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অ্যধাপক কাজী মামুন হায়দার রানা, নাট্যকলা ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক কাজী শুসমিন আফসানা, উল্লাস হাবীব জাকারিয়া।
সেলিম রেজা নিউটন বলেন, “বিশ্বব্যাংকের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয় গুলোকে যে কৌশলপত্র দিয়েছে তাতে সাধারণ শিক্ষার্থীদের বোধশক্তিহীন ভাবা হয়েছে। তারা নির্দেশনা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে নতুন করে হল নির্মাণ করা যাবে না, ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে ইত্যাদি। এটা সহিংসতা ঠেকানোর জন্য নয় বরং সাধারণ শিক্ষার্থীরা যাতে সংগঠিত হয়ে তাদের দাবি আদায়ে কোন আন্দোলন না করতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে একটু দম নিয়ে যাতে সহজেই দাবি আদায় ছাড়াই আন্দোলন শেষ না হয়ে যায়।” তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে শিক্ষার বানিজ্যিকিকরণ বন্ধের আহ্বান জানান।
এছাড়া সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আহসান হাবিব রকি, আয়াতুল্লাহ খোমেনি, আলমগীর হোসেন সুজন, আবু সুফিয়ান বখশী, আব্দুল্লাহ আল মুইজ, প্রমুখ।
এর আগে সান্ধ্যকোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে গত ২১ জানুয়ারি প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। কিন্তু আল্টিমেটামে প্রসাশানের কোন প্রতিক্রিয়া না থাকায় রোববার ছাত্রসমাবেশের ঘোষণা দেয় তারা।
[b]রাবি,২৮জানুয়ারি,(টাইমনিউজবিডি),//এমএইচ//এসএইচ  [/b]