জাবি শাখা ছাত্রলীগ নেতা আটকের গুজবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। রোববার বেলা পৌনে ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ১৫ মিনিট মহাসড়কটি অবরোধ করে রাখে তারা।
সূত্র জানায় জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ডুর সাথে সাভার থানার এক এএসপির কথা কাটাকাটি হয়। পরে এএসপি তাকে থানায় নিয়ে যায়। মিঠুন কুণ্ডু আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়।
ছাত্রলীগ নেতা মিঠুন কুণ্ডু জানান, এক এএসপির সাথে কথা কাটাকাটি হলে এএসপি আমাকে থানায় নিয়ে যেতে চায়। হলের শিক্ষার্থীরা এ খবর শুনে মহাসড়ক অবরোধ করেছিল।
সাভার সার্কেল এএসপি শফিকুল ইসলাম জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে আটক করা হয়নি।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, রফিক জব্বার হলের শিক্ষার্থীরা ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, মিঠুন কুণ্ডুকে আটক করা হয়েছে এমন খবরে রফিক জব্বার হলের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পাঁচ মিনিট পরই অবরোধ তুলে নেয় তারা।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]