রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খায়রুল আলম খান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিভূতি সরকার, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান ও সদস্য সুকান্ত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য প্রফেসর ড. এম খায়রুল আলম খান বলেন, মৌলবাদীরা এর আগেও বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রগতিশীল শিক্ষককে হত্যা করেছে। মেধা বিকাশের ক্ষেত্র থেকে শিক্ষকদের হত্যা করা ন্যক্কারজনক ঘটনা। এটার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
জেআই





