ফেইসবুকে বাংলাদেশে উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের শুভেচ্ছা জানানো নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
আজ শনিবার ৫০তম সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পাতায় শুভেচ্ছা বার্তা দেওয়ার পর সমালোচনায় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সমালোচনার মধ্যে তাতে কয়েকবার পরিবর্তন আনা হয়। শুভেচ্ছা বার্তা থেকে বাদ দেওয়া হয় ড. মুহাম্মদ ইউনূসের নাম। তার নামটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে দেওয়া হয়েছিল।
প্রথমে ফেইসবুকে দেওয়া শুভেচ্ছা বার্তায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে বলা হয়, আমরা গর্বিত হয়েছি স্যার জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের মত বুদ্ধিজীবীদের সম্মানসূচক ডক্টরেটে ভূষিত করতে পেরে। গর্বিত হয়েছি ড. মুহাম্মদ ইউনূস, সত্যেন বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ছাত্রদের ধারণ করতে পেরে।
এই বার্তা দেখে অনেকেই সমালোচনায় মেতে উঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বঙ্গবন্ধুর নামের আগে জাতির জনক না লেখা, তার নাম পরে লেখা নিয়ে সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে অনেকে গত বছর বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’লেখার বিষয়টিও তুলে আনেন।
একজন ফেসবুব ব্যবহারকারী লেখেন- পেজটা জামাতিরা চালায় মনে হচ্ছে!!!এখুনি খুঁজে বের করা উচিত।
ব্যাপক সমালোচনার পর ওই শুভেচ্ছা বার্তাটি কয়েক দফা পরিবর্তন করা হয়।
এ নিয়ে একজন লিখেছেন- তিনবার এডিট এবং ডঃ ইউনুস হাওয়া?????
বর্তমানে শুভেচ্ছা বার্তার ওই অংশটি রয়েছে এভাবে, আমরা গর্বিত হয়েছি স্যার জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের মত বুদ্ধিজীবীদের সম্মানসূচক ডক্টরেটে ভূষিত করতে পেরে। গর্বিত হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুর রাহমানের মত ছাত্র; সত্যেন বসুদের মত শিক্ষকদের ধারণ করতে পেরে।
এমবি





