রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কোনো ক্লু উদ্ধার করতে না পারায় কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাবি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।

ড.শফিউলের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে গত ১০ ডিসেম্বর বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে। পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, কর্মবিরতি পালনে শিক্ষকদের মধ্যে তেমন গুরুত্ব প্রকাশ পায়। বিভিন্ন বিভাগে ক্লাস চলতে দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিয়মিত পরীক্ষা কর্মবিরতির আওতার বাহিরে ছিল। এ জন্য যে সব বিভাগে পরীক্ষা ছিলে সেখানে যথা সময়ে পরীক্ষা হতে দেখা যায়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে জানান, রাবি শিক্ষক ড.শফিউল হত্যার ২৮দিন পেরিয়ে গেছে। কিন্তু আজও সঠিক কোনো ক্লু খুঁজে পায়নি। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে শনিবার কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মসূচি সম্পর্কে পাণ্ডে জানান, ‘কর্মবিরতি চলাকালিন বিভাগগুলোর নিয়মিত পরীক্ষা ব্যাতিত সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো বিভাগে ক্লাস পরীক্ষা হয়েছে কি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।’

গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন। ৪টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল এম হক বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।

জেএ