রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এটিএম রফিকুল ইসলাম কর্তৃক যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় যৌন হয়রানী অভিযুক্ত শিক্ষক এটিএম রফিকুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইদুল ইসলাম রুবেল, বঙ্গবন্ধু প্রজন্মলীগ রাবি সভাপতি সবুজ সারোয়ার প্রমূখ।

বিক্ষোভে মিছিলে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই যৌন হয়রানির ঘটনা ঘটেছে। আমরা সাধারণ ছাত্রদের নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।

অতিদ্রুত অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত না করা হলে আগামীকাল থেকে ধর্মঘট সহ আরো কঠোর কর্মসূচী দিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেন বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল, মেহেদী হাসান, আতিকুর রহমান সুমন, তন্ময় আনন্দ অভি, রাবি শাখা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি সবুজ সারোয়ার, একাত্তরের ঘাতক দালাল  নিমূল কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজা সহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

এমএ