পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে শনিবার উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ৫ ছাত্রদল কর্মী আহত হয়েছে।
আহতরা হলেন- ছাত্রদলকর্মী মামুন, সোহেল ও আতিক। অন্য দুজনের নাম জানা যায়নি। আহতরা পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কমিটি নিয়ে শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই গ্রুপের সশস্ত্র মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের হালিমা ক্লিনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
পাবিপ্রবি সূত্রে জানা গেছে, ৪ জুন কেন্দ্রীয় কমিটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা সমর্থিত সেলিম সভাপতি ও রাজিব আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে।
এই কমিটি থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট সমর্থিত বিশ্ববিদ্যালয় শাখার তুর্য গ্রুপের নেতাকর্মীরা বাদ পড়েন। কমিটি থেকে বাদ পড়ার ক্ষোভে তুর্য গ্রুপ সকাল ১০টার দিকে সেলিম গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়। এই হামলার জবাবে দুপুর ১২টার দিকে সেলিম গ্রুপ ও তার সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তুর্য গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় প্রায় আধাঘণ্টাব্যাপী চলে ছাত্রদলের উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
এ ঘটনার জের ধরে জেলা ছাত্রদল সম্পাদক তসলিম হাসান সুইট সমর্থিত গ্রুপ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের মক্কা প্লাজা এলাকায় এসে অবস্থান নেয়। অন্যদিকে, হিমেল গ্রুপের সমর্থকরা পাবিপ্রবি ক্যাম্পাস ছেড়ে শহরে প্রবেশের সময়ে উভয়গ্রুপের মধ্যে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ষষ হয়। এসময় সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।
পাবিপ্রবি শাখা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান সবুজ বলেন, রবিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। ছাত্রদল নিজেদের কমিটি গঠন নিয়ে কমিটিতে বাদপড়া গ্রুপের সঙ্গে বহিরাগতদের নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ আসলে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
জেলা ছাত্রদল সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ভোটের মাধ্যমে পাবিপ্রবির কমিটি গঠন হয়েছে। এ নিয়ে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। তাছাড়া জেলা ছাত্রদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোন সম্পৃক্ততা নেই।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শিক্ষা
পাবিপ্রবিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে শনিবার উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ৫ ছাত্রদল কর্মী আহত হয়েছে। আহতরা হলেন- ছাত্রদলকর্মী মামুন, সোহেল ও আতিক।





